প্রশাসনের উদ্যোগে মিলল স্বজনের ঠিকানা

এক মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ ছালেকা


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
এক মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ ছালেকা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের বাসিন্দা মানসিকভাবে অসুস্থ দুই সন্তানের জননী ছালেকা বেগম প্রায় এক মাস নিখোঁজ থাকার পর প্রশাসনের আন্তরিক উদ্যোগে অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছালেকা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। এক মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিকভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ানো এক নারীর ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। বিষয়টি জামালপুর জেলা প্রশাসকের নজরে এলে অনুসন্ধান শুরু হয়। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, ওই নারী দেওয়ানগঞ্জ উপজেলার নিখোঁজ ছালেকা বেগম।

জেলা প্রশাসকের নির্দেশনায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেনের তত্ত্বাবধানে এবং দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

বুধবার বিকেল ৫টার দিকে ছালেকা বেগমকে নিরাপদে দেওয়ানগঞ্জে নিয়ে আসা হয়। পরে উপজেলা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, এলজিইডি দেওয়ানগঞ্জের প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্ধার হওয়া ছালেকা বেগমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ মানবিক উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।