
ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি শাবনূরকে নিয়ে পূর্ণিমার একটি আবেগঘন ফেসবুক পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
পোস্টের ক্যাপশনে পূর্ণিমা শাবনূরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।”
পুরোনো স্মৃতির কথা উল্লেখ করে পূর্ণিমা আরও লেখেন, “দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।”
শাবনূরকে বড় পর্দায় ফের দেখতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন পূর্ণিমা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
পূর্ণিমার এই আবেগঘন বার্তায় সাড়া দিয়েছেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনেকেই মন্তব্যে শাবনূরের অভিনয়ের প্রশংসা করেছেন এবং জনপ্রিয় এই অভিনেত্রীকে আবারও চলচ্চিত্রে নিয়মিত দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কেউ কেউ দুই অভিনেত্রীর পারস্পরিক সম্মানবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরও প্রশংসা করেছেন।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। একসময় তাদের নিয়ে নানা তুলনা ও প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বারবার প্রকাশ পেয়েছে। পূর্ণিমার সাম্প্রতিক এই পোস্টও সেই ইতিবাচক সম্পর্কের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :