
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এলাকার বালুচরা গ্রামের বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য পলিনুস রেমা সরকারি আবাসন সহায়তা কর্মসূচির আওতায় একটি নতুন ঘর পেয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ঘর নির্মাণ করা হচ্ছে।
সোমবার (৮ জুন) আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী সাংমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা রানী সাংমা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আবাসন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিনের আবাসন সংকট কাটিয়ে পলিনুস রেমার জন্য এই ঘর নতুন আশার দ্বার উন্মোচন করেছে।
নিজের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পলিনুস রেমা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি নিজস্ব ঘরের স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে আসছিলেন। সরকারের সহায়তায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এজন্য তিনি সরকার এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের বিশেষ আবাসন কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :