ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন গান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন গান

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে আরও উজ্জীবিত করতে আসছে নতুন গান ‘ফুটবল ফুটবল’। আগামী ১০ জুন সঙ্গীতা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গানটির কথা, সুর ও সংগীত করেছেন আরমান খান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘বিজয়’–এর প্রধান ভোকাল বিজয় মামুন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও সমগ্র বাংলাদেশের মানুষের আবেগকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গানটি প্রসঙ্গে আরমান খান বলেন, বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সব ফুটবলপ্রেমীর জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মনে নতুন উদ্দীপনা ও রং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

গানের শিল্পী বিজয় মামুন বলেন, আরমান খানের সঙ্গে এটি তার প্রথম কাজ। তার ভাষায়, “আমি ছোটবেলা থেকেই তার সুর করা গান শুনে বড় হয়েছি। দেশের কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে তার গান শুনে অনুপ্রাণিত হয়েছি। এবার তার সুরে গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্নপূরণের মতো।”

আরমান খানের সংগীত জীবনে রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ছেলে। সংগীতময় পরিবেশে বেড়ে ওঠা আরমান খান নব্বইয়ের দশকের শেষভাগ থেকে আধুনিক ও ব্যান্ড সংগীত জগতে পরিচিতি লাভ করেন।

তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘চাঁদের বাতির কসম দিয়া’, ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’ এবং ‘লাল বন্ধু নীল বন্ধু’র মতো জনপ্রিয় গান। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে মাত্র কয়েক বছরে তিনি প্রায় ২৩টি অ্যালবামের কাজ সম্পন্ন করেন এবং দেশের শীর্ষ শিল্পীদের সঙ্গে কাজ করেন।

নতুন এই ‘ফুটবল ফুটবল’ গানটি প্রকাশের পর বিশ্বকাপ মৌসুমে শ্রোতাদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করবে বলে আশা করা হচ্ছে।