
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে রোববার (৭ জুন) বিকেলে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), সাইফুল (৪৫), মেহেদী হাসান আলাল (৩২), ইকবাল তালুকদার (৩০), রণি ঘোষ (৩৪), ইমন শেখ (২৮), ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং মনির হোসেন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন বলে অভিযোগ ওঠে। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর একই দিন বিকেলে স্কয়ার মাস্টারবাড়ি ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় ছাত্রদল। পরদিন রোববার বিকেলেও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এসআই ফজল ইসলাম বাদী হয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, “বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :