মদনে পুলিশের ওপর হামলা, কলেজ ছাত্রদল নেতা মিঠু গ্রেপ্তার


রফিকুল ইসলাম : মদন উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
মদনে পুলিশের ওপর হামলা, কলেজ ছাত্রদল নেতা মিঠু গ্রেপ্তার

নেত্রকোনার মদন পৌর শহরে পুলিশের দুই সদস্যের ওপর হামলার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে মদন সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন মিঠু মিয়া (২২)। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌর শহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মোঃ ফরিদুল ইসলামআতাউর রহমান। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন সরকারি কলেজ মোড়ের চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে নির্ধারিত সময়ে বাস না আসায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে নাদির হোসেন শামীম এবং মোহাম্মদ তরিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় যাত্রীরা বাস চলাচল ও ভোগান্তি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানান। অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি শান্ত করার সময় মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পরে পুলিশের পক্ষ থেকে তাকে সরে যেতে বলা হলে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের দুই সদস্যের সঙ্গে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবল আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ঘটনাস্থল থেকেই মিঠু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, “একটি ঘটনার জেরে মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করে। পরে তাকে আটক করা হয়েছে।” অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে।”