ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


আজহারুল ইসলাম ব্যুরোচীফ:- ময়মনসিংহ। প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশের একটি বাঁশঝাড়ের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজার এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন তামাট বাজারের পূর্বদিকে একটি সড়কের পাশে বাঁশঝাড়ের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের ধারণা, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এসআই নুরুল হক আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পরিচয় উদ্ঘাটনে আশপাশের থানা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।