কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৃতী সন্তান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এজমল হোসেন পাইলট। তিনি উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এজমল হোসেন পাইলট। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মহসিন হল ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে ২০১৪ সালে ১ নম্বর সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। দলীয় অঙ্গনে তিনি ‘পাইলট’ নামেই অধিক পরিচিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন এবং দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয়তাবাদী যুবদলকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।