হিটস্ট্রোকে নিহত কৃষকের পরিবারকে জেলা প্রশাসনের ৩৫ হাজার টাকা সহায়তা


দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
হিটস্ট্রোকে নিহত কৃষকের পরিবারকে জেলা প্রশাসনের ৩৫ হাজার টাকা সহায়তা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে মারা যাওয়া কৃষক আসাদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার (৩ জুন) নিহতের পরিবারের হাতে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামের বাসিন্দা ও মহল মণ্ডলের ছেলে আসাদুল ইসলামের পরিবারের কাছে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা নগদ এবং ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে.। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারি সহায়তা তুলে দেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া এলাকায় বোরো ধান কাটার কাজ করার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কৃষক আসাদুল ইসলাম (৩৫)। পরে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর থেকেই দেওয়ানগঞ্জ এলাকায় তীব্র তাপদাহ বিরাজ করছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খোলা আকাশের নিচে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, তীব্র গরম ও তাপপ্রবাহের সময় মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত রোদে দীর্ঘ সময় কাজ না করে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, বেশি করে পানি ও খাবার স্যালাইন পান করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, হিটস্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।