গরমে ধনেপাতা টাটকা রাখার সহজ কৌশল, জেনে নিন উপায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
গরমে ধনেপাতা টাটকা রাখার সহজ কৌশল, জেনে নিন উপায়

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। তবে গরমের দিনে এই পাতা বেশিদিন সতেজ রাখা কঠিন হয়ে পড়ে। সামান্য তাপমাত্রা বা আর্দ্রতা বাড়লেই ধনেপাতা দ্রুত নরম হয়ে যায়, এমনকি ফ্রিজে রাখলেও অনেক সময় পচে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে ধনেপাতা দীর্ঘদিন টাটকা রাখা সম্ভব। এ জন্য কয়েকটি সহজ কৌশল অনুসরণ করা যেতে পারে।

ধনেপাতা সংরক্ষণের একটি কার্যকর পদ্ধতি হলো ফুলের তোড়ার মতো করে রাখা। প্রথমে পচা বা হলুদ হয়ে যাওয়া পাতা ফেলে দিয়ে ধনেপাতা পরিষ্কার করতে হবে। এরপর গোড়ার অংশ সামান্য কেটে একটি গ্লাসে অল্প পানি নিয়ে তাতে ধনেপাতার গোড়া ডুবিয়ে রাখতে হবে। তারপর একটি প্লাস্টিক ব্যাগ বা কভার দিয়ে ঢেকে ফ্রিজে সংরক্ষণ করলে পাতা দীর্ঘসময় সতেজ থাকে।

আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো পেপার টাওয়েল ব্যবহার। ধনেপাতা ধোয়ার পর সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এরপর পেপার টাওয়েলে মুড়িয়ে একটি বায়ুরোধী পাত্র বা ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করলে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হয় এবং পচন প্রক্রিয়া ধীর হয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, ধনেপাতা অযথা বারবার ধোয়া উচিত নয়। কেনার পর প্রয়োজন অনুযায়ী বাছাই করে রেখে ব্যবহার করার ঠিক আগে ধুয়ে নেওয়া ভালো। এতে পাতার সতেজতা দীর্ঘস্থায়ী হয়।

এ ছাড়া গরমের সময়ে প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণ ধনেপাতা কিনে দ্রুত ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ। এতে সংরক্ষণের ঝামেলা কমে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেকাংশে হ্রাস পায়।