এক শতাব্দীরও বেশি সময়েও বদলায়নি ব্লেডের মূল নকশা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
এক শতাব্দীরও বেশি সময়েও বদলায়নি ব্লেডের মূল নকশা

দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হলো ব্লেড। চুল কাটা, দাড়ি কামানো থেকে শুরু করে নানান কাজে ব্যবহৃত এই ছোট যন্ত্রটির আশ্চর্য বিষয় হলো—প্রায় ১২৫ বছর পেরিয়ে গেলেও এর মৌলিক ডিজাইন প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক শেভিং ব্লেডের যাত্রা শুরু হয় ১৯০১ সালে। সে সময় কিং ক্যাম্প জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন নিরাপদ ও ধারালো শেভিং ব্লেডের নকশা উদ্ভাবন করেন। প্রথমদিকে এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি হলেও পরে বাণিজ্যিকভাবে বাজারে আসে এবং দ্রুত জনপ্রিয়তা পায়।

শুরুর দিকে উৎপাদন ছিল সীমিত। তবে অল্প সময়ের মধ্যেই এর ব্যবহার বাড়তে থাকে এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ব্লেডের সঙ্গে রেজারের হাতল যুক্ত করার সুবিধার জন্য বিশেষভাবে নকশা করা কাঠামো তৈরি করা হয়, যা ব্যবহারকারীদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়।

বিশেষজ্ঞদের মতে, ওই সময়ের তৈরি নকশাই এতটাই কার্যকর ছিল যে পরবর্তীতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি। তাই আজও বিশ্বের অধিকাংশ ব্লেড নির্মাতা একই মৌলিক ডিজাইন অনুসরণ করে।

যদিও বর্তমানে ইলেকট্রিক শেভিং মেশিনসহ নানা আধুনিক বিকল্প এসেছে, তবুও সস্তা, সহজলভ্য এবং কার্যকর হওয়ায় প্রচলিত স্টেইনলেস স্টিল ব্লেড এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পাড়ার দোকান থেকে শুরু করে বড় বাজার—সব জায়গাতেই দেখা যায় সেই পুরোনো কিন্তু কার্যকর নকশার ব্লেড।