“দুর্নীতি মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ: ডেপুটি স্পিকার কায়সার কামাল”


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
“দুর্নীতি মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ: ডেপুটি স্পিকার কায়সার কামাল”

নেত্রকোনার কলমাকান্দায় আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, তিনি কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না।

শুক্রবার (২৯ মে) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই স্থান আমার পরিবারের জন্য অত্যন্ত স্মরণীয়। আমার বাবার প্রিয় জায়গা, পাশেই আমাদের জমি ও এতিমখানা রয়েছে। তাই এখানে এসে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।”

ডেপুটি স্পিকার প্রয়াত বাবার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি তার দাদার নামে প্রতিষ্ঠিত ‘এন আকন্দ কামিল মাদ্রাসা’র কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি এলাকার উন্নয়ন ও সুশাসনের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আমরা শুধু ন্যায়পরায়ণই নই, আমরা কার্যত ন্যায় ও ইনসাফের পথে আছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্যও কোনো দুর্নীতি করা হয়নি।”

সীমান্তবর্তী এলাকায় অবৈধ অর্থ অর্জনের প্রবণতার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “অবৈধভাবে অর্জিত সম্পদ আজ ভোগের মতো মনে হলেও, তা শেষ পর্যন্ত চলে যেতে পারে। শেষ ঠিকানা আমাদের মাটি। তাই সততা ছাড়া কোনো বিকল্প নেই।”

হযরত আবু বকর (রা.) এর উদ্ধৃতি স্মরণ করে তিনি যোগ করেন, “ভালো কাজ করলে সমর্থন পাবেন, ভুল হলে তা শুধরে দেবেন।”

মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু। প্রধান অতিথি তাকে এলাকার ‘পুত্রবধূ’ হিসেবে আখ্যায়িত করে করতালি দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক-১ মো. আকরাম, কলমাকান্দা ইউএনও এস. এম. মিকাইল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম প্রমুখ।

ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত শিক্ষার্থীদের সততা ও ইনসাফের ভিত্তিতে আধুনিক কলমাকান্দা-দুর্গাপুর গড়ার আহ্বান জানান এবং প্রাক্তন সফল শিক্ষার্থী মো. মিজানুর রহমানের মতো আদর্শ গ্রহণের পরামর্শ দেন।