ঈদের আগে নতুন ঘর পেলেন মনোয়ারা বেগম, পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
ঈদের আগে নতুন ঘর পেলেন মনোয়ারা বেগম, পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া মনোয়ারা বেগমের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের কাছে হস্তান্তর করা হয়। ঈদুল আজহা সামনে রেখে নতুন ঘর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানা যায়, গত ২৬ এপ্রিলের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ৫৯ বছর বয়সী মনোয়ারা বেগমের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। স্বামীকে আগেই হারানো এই নারী পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার একমাত্র সন্তানকেও হারান। ফলে ঘর হারানোর পর তিনি চরম মানবেতর জীবনযাপন করছিলেন।

পরবর্তীতে ২৮ এপ্রিল স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসহায় অবস্থার বিষয়টি তুলে ধরলে তা দ্রুত নজরে আসে। বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে সহায়তার আশ্বাস দেন এবং নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।

অল্প সময়ের মধ্যেই ঘর নির্মাণ সম্পন্ন করে ঈদ উপহার হিসেবে তা মনোয়ারা বেগমের হাতে তুলে দেওয়া হয়।মনোয়ারা বেগম বলেন, “ঝড়ে আমার সব শেষ হয়ে গিয়েছিল। কোথায় থাকব বুঝতে পারছিলাম না। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় আমাকে নতুন ঘর করে দিয়েছেন, আমি তার জন্য দোয়া করি।”

ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোয়ারা বেগমের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।