সুনামগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা


ছাতক প্রতিনিধি, ফজল উদ্দিন প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-১৬৯৩/৯৩) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬-২০২৯ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটিতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

রোববার (২৪ মে) সংগঠনের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেইট, ছাতকে সম্ভাব্য প্রার্থী ও সাধারণ শ্রমিকদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ৪ জুন একই সময়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং ৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিখিতভাবে আপিল করতে পারবেন। প্রয়োজনে বিকেল ৫টায় নির্বাচন প্রধান কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৮ জুন দুপুর ১২টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে গোবিন্দগঞ্জের ছায়েমা শাদী মহল, তানজিনা কমিউনিটি সেন্টার ও মাহবুব কমিউনিটি সেন্টার।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল ভোটার শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। একইসঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নির্ধারিত তফসিল অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।