সৌন্দর্য ধরে রাখতে দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খাচ্ছেন কিম কার্দাশিয়ান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
সৌন্দর্য ধরে রাখতে দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খাচ্ছেন কিম কার্দাশিয়ান

বিশ্ববিখ্যাত রিয়েলিটি তারকা Kim Kardashian জানিয়েছেন, তিনি প্রতিদিন পুষ্টি–পরিপূরক হিসেবে প্রায় ৩৫ ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তার এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বেশি সাপ্লিমেন্ট গ্রহণ আদৌ স্বাস্থ্যকর কি না।

সম্প্রতি এক পডকাস্টে কিম জানান, তিনি দিনে তিনবার ভাগ করে এসব সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে অতিরিক্ত পরিমাণে ওষুধ ও সাপ্লিমেন্ট খাওয়ার কারণে তিনি মানসিক ও শারীরিক ক্লান্তি অনুভব করেন বলেও উল্লেখ করেন। এই অবস্থাকে তিনি “পিল ক্লান্তি” নামে বর্ণনা করেছেন। তার মন্তব্যের পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে, একজন সুস্থ মানুষের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণই সাধারণত যথেষ্ট। অপ্রয়োজনে অতিরিক্ত সাপ্লিমেন্ট শরীরে নানা জটিলতা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, ভিটামিন এ, ডি, ই ও কে–এর মতো ফ্যাট-সলিউবল ভিটামিন অতিরিক্ত গ্রহণ করলে তা শরীরে জমে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। এতে লিভার, স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে কিছু খনিজ উপাদান একে অপরের শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। চিকিৎসকদের মতে, একসঙ্গে অনেক ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করলে লিভার ও কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। কারণ শরীরের এসব অঙ্গই ওষুধ ও বিভিন্ন উপাদান প্রক্রিয়াজাত করার কাজ করে থাকে।

বিশেষজ্ঞরা আরও বলেন, অনেক দেশে সাপ্লিমেন্ট শিল্প ওষুধের মতো কঠোরভাবে নিয়ন্ত্রিত নয়। ফলে বাজারে থাকা বিভিন্ন পণ্যের মান ও উপাদানে ভিন্নতা থাকতে পারে, যা স্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। পুষ্টিবিদদের মতে, সাপ্লিমেন্ট কখনোই সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক সুস্থতার বিকল্প হতে পারে না। বরং শরীরে নির্দিষ্ট ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণই নিরাপদ।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ভিটামিন ডি, আয়রন বা ভিটামিন বি-১২–এর ঘাটতি থাকলে প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে অকারণে অতিরিক্ত গ্রহণ দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।