
শরীরকে ঠান্ডা পরিবেশে রাখলে ওজন কমানোর প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে বলে জানিয়েছে ইউরোপের এক যৌথ গবেষণা। গবেষকদের দাবি, ঠান্ডা তাপমাত্রা শরীরের বিশেষ ধরনের চর্বি বা ‘ব্রাউন ফ্যাট’ সক্রিয় করে, যা অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সহায়তা করে।
যুক্তরাজ্যের University of Nottingham এবং নেদারল্যান্ডসের Leiden University Medical Center-এর গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এ গবেষণায় ৪৭ জন স্থূলকায় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময় ধরে বিশেষ ধরনের ‘আইস ভেস্ট’ পরিয়ে পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, দীর্ঘসময় ঠান্ডা পরিবেশে থাকার ফলে অংশগ্রহণকারীদের শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এবং তুলনামূলক দ্রুত ওজন কমার ইঙ্গিত পাওয়া যায়।
গবেষকদের মতে, ঠান্ডার সংস্পর্শে এলে শরীরের ‘ব্রাউন ফ্যাট’ সক্রিয় হয়ে ওঠে। এই বিশেষ চর্বি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ক্যালোরি পুড়িয়ে তাপ উৎপন্ন করে। এর ফলে ধীরে ধীরে অতিরিক্ত চর্বি কমতে শুরু করতে পারে।
এছাড়া ঠান্ডা আবহাওয়ায় শরীর কাঁপা শুরু করে, যা তাপ উৎপাদনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় পেশির কার্যক্রম বেড়ে যায় এবং শরীর অতিরিক্ত শক্তি ব্যয় করে। গবেষকদের মতে, এটিও ক্যালোরি খরচ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণার প্রধান গবেষক Mariette Boon জানান, অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের ওপর দীর্ঘমেয়াদি ঠান্ডা পরিবেশের প্রভাব নিয়ে এটি প্রথম দিকের উল্লেখযোগ্য গবেষণাগুলোর একটি।
তিনি বলেন, ঠান্ডা পরিবেশ শরীরকে ব্রাউন ফ্যাট সক্রিয় করতে বাধ্য করে এবং একইসঙ্গে পেশিগুলোকে তাপ উৎপাদনে কাজ করতে উৎসাহিত করে। এর মাধ্যমে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে এবং অতিরিক্ত ক্যালোরি খরচ হয়।
আপনার মতামত লিখুন :