কলমাকান্দায় ঈদুল আজহা উপলক্ষে ৪৮০ জনের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কলমাকান্দায় ঈদুল আজহা উপলক্ষে ৪৮০ জনের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায়তা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, মোট ৪৮০ জন উপকারভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৪০০টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়া ৪০ জন ইমামকে ৫ হাজার টাকা এবং ৪০ জন মোয়াজ্জেমকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করে। উপকারভোগীরা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।