শ্রীমঙ্গলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ


শ্রীমঙ্গল প্রতিনিধি, শাহাদাত হোসেন অপু প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নারীর ক্ষমতায়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। উপজেলার সাতগাঁও, সিন্দুরখান ও শিববাড়ি শাখার ক্ষুদ্র ঋণগ্রহীতাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে চা শ্রমিকসহ মোট ৫০ জন নারী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে যারা হাঁস পালন করতে আগ্রহী, তাদের হাঁসের বাচ্চা লালন-পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং অন্য নারীদেরও উদ্বুদ্ধ করতে পারবেন।

প্রশিক্ষণ শেষে ৫০ জন সদস্যের প্রত্যেককে ১০টি করে মোট ৫০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে স্থানীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে নিয়মিত তদারকির পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নর্থইস্ট ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার কাজী মোহাম্মদ আতিকুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌড় কান্তি বিশ্বাস, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার হোসেন, রেডিও পল্লিকণ্ঠের সাংবাদিকবৃন্দসহ ব্র্যাকের স্থানীয় বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণের দাবি জানান।