মামদানিকে সঙ্গে নিয়ে জায়েদ খানের বড় চমক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
মামদানিকে সঙ্গে নিয়ে জায়েদ খানের বড় চমক

আন্তর্জাতিক অঙ্গনে বড় চমক নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস: এপিসোড–২’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে জানা গেছে।

প্রবাসীদের জীবনসংগ্রাম ও নানা বাস্তব গল্পকে কেন্দ্র করে নির্মিত এই শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় মুক্তি পাবে। এর আগে প্রকাশিত প্রথম পর্বটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল বলে সংশ্লিষ্টরা জানান।

শর্টফিল্মে কাজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, জোহরান মামদানি সরাসরি তার সঙ্গে অভিনয় করেছেন, যা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, এই কাজ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্যও একটি সম্মানের মুহূর্ত।

অভিনেতা আরও জানান, জোহরান মামদানি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও শুটিং সেটে তিনি অত্যন্ত সাধারণভাবে কাজ করেছেন। কোনো ধরনের অহংকার না করে তিনি একজন পেশাদার অভিনেতার মতোই পরিচালকের নির্দেশনা মেনে শট দিয়েছেন বলে মন্তব্য করেন জায়েদ খান।

তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা তার কাছে স্বপ্নের মতো ছিল এবং কাজটি করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। প্রবাস জীবনের বাস্তবতা ও সংগ্রামকে তুলে ধরার কারণে এই শর্টফিল্মটি দর্শকদের কাছে আলাদা আগ্রহ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্মাতারা জানিয়েছেন, নতুন এই পর্বে গল্পের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে এবং প্রবাসী জীবনের বিভিন্ন দিক আরও গভীরভাবে তুলে ধরা হবে।