মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু’


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু’

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কড়ইচড়া ও চরপাকেরদহ ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো— ২ নং কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার রবিউল ইসলাম ওরফে অবিজলের মেয়ে লিজা আক্তার (১০) এবং ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ছেলে ইয়াসিন (৩)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহিষবাথান এলাকার ঝাড়কাটা নদীতে শুক্রবার দুপুরে বাবা ও ভাইয়ের সঙ্গে গোসল করতে যায় লিজা আক্তার। একপর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালানোর পর বেলা পৌনে ৩টার দিকে নদী থেকে লিজার মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লিজা মহিষবাথান বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, একই দিন বেলা আড়াইটার দিকে গোদাশিমুলিয়া এলাকায় নিজ বাড়ির আঙিনায় খেলছিল শিশু ইয়াসিন। এ সময় তার দাদি বারান্দায় কাজ করছিলেন। খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় ইয়াসিন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান সম্পন্ন করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।