নৃত্য থেকে শুদ্ধ সংগীতে চমক দেখাচ্ছেন শিমলা


আব্দুল্লাহ আল মারুফ। প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
নৃত্য থেকে শুদ্ধ সংগীতে চমক দেখাচ্ছেন শিমলা

নৃত্য ও সংগীতের এক অনন্য মেলবন্ধনে বর্তমান প্রজন্মের শ্রোতা-দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছেন উদীয়মান কণ্ঠশিল্পী শিমলা আক্তার। সম্প্রতি একাধিক মৌলিক গান ও স্টুডিও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তিনি সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করছেন। দেশের বিভিন্ন স্থানের স্টেজ শোতেও তার উপস্থিতি এখন দর্শকদের কাছে আলাদা আকর্ষণ হয়ে উঠেছে।

২০০৩ সালের ১৫ অক্টোবর নরসিংদী জেলার পলাশ থানায় এক সাংস্কৃতিক আবহ ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিমলা আক্তার। তার পিতা মাহবুব আলম এবং মাতা আমেনা বেগম। শৈশব থেকেই পরিবারের অনুপ্রেরণায় তিনি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত হন। এক সাক্ষাৎকারে শিমলা জানান, তার সংগীত জীবনের শুরু নাচের মাধ্যমে। নৃত্যচর্চার পাশাপাশি গান গাওয়ার আগ্রহ তৈরি হয় এবং নৃত্যগুরুর উৎসাহেই তিনি সংগীতের দিকে ঝুঁকে পড়েন। তার বড় বোনও একজন সংগীতশিল্পী হওয়ায় ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ তৈরি হয় বলে জানান তিনি।

শ্রেয়া ঘোষাল, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও আশা ভোঁসলের মতো কিংবদন্তি শিল্পীদের অনুসরণ করে শুদ্ধ সংগীতচর্চাকে এগিয়ে নিতে চান শিমলা। তিনি মনে করেন, একজন শিল্পীর মূল দায়িত্ব হলো গীতিকার ও সুরকারের সৃষ্টিকে শ্রোতার সামনে যথাযথভাবে উপস্থাপন করা। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির ‘ভাইরাল সংস্কৃতি’ নিয়ে মন্তব্য করতে গিয়ে শিমলা বলেন, সোশ্যাল মিডিয়া নির্ভরতা বেড়েছে, তবে অনেক ক্ষেত্রে গানের মান কমে যাচ্ছে। তিনি শুদ্ধ সংগীতচর্চা ও দীর্ঘস্থায়ী সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

তার স্টুডিও লাইভ পারফরম্যান্স ও মৌলিক গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ইউটিউব ও ফেসবুকে শ্রোতারা তার কণ্ঠ ও পারফরম্যান্সের প্রশংসা করছেন। অনেক দর্শক মনে করছেন, তিনি ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাতে সক্ষম হবেন। সংগীত বিশেষজ্ঞদের মতে, শিমলার কণ্ঠের শুদ্ধতা, লয়-তাল নিয়ন্ত্রণ এবং নৃত্যভিত্তিক পারফরম্যান্স তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তিনি দেশের সংগীতাঙ্গনে দীর্ঘমেয়াদী অবদান রাখতে পারবেন।

শিমলা ইতোমধ্যে একাধিক সম্মাননা ও বর্ষসেরা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পাশাপাশি বিটিভি, এটিএন বাংলা, জিটিভি ও অন্যান্য টেলিভিশন চ্যানেলে নিয়মিত পারফর্ম করছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, তিনি একজন মানসম্মত সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের শুদ্ধ সংগীত বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে চান।