
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার মুহতামিমরা।
সভায় বক্তারা আসন্ন কুরবানিতে স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং চামড়া সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যথাযথ নিয়ম মেনে কুরবানির কার্যক্রম সম্পন্ন করা হলে পরিবেশ দূষণ রোধসহ অর্থনৈতিকভাবে চামড়ার যথাযথ মূল্য পাওয়া সম্ভব।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম রেজা। তারা পশু জবাইয়ের সঠিক পদ্ধতি ও চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে কুরবানির কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মতভাবে সম্পন্ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :