নজরুল জন্মজয়ন্তীতে জেলা পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় আশিকুল ইসলাম রাফি প্রথম


স্টাফ রিপোর্টার, রনি  প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
নজরুল জন্মজয়ন্তীতে জেলা পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় আশিকুল ইসলাম রাফি প্রথম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজন করা জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কালিরবাজার উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আশিকুল ইসলাম রাফি। চূড়ান্ত প্রতিযোগিতা ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত তিনটি গ্রুপে অংশগ্রহণ করা হয়, যেখানে ‘খ’ গ্রুপে নজরুল সংগীতের নৃত্য পরিবেশনায় রাফি প্রথম হন।

প্রথমে ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাথমিক প্রতিযোগিতায় রাফি প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও তিনি সেরা হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আশিকুল ইসলাম রাফি বলেন, “আজকের এই অর্জন আমার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল। এত বড় মঞ্চে প্রথম হতে পারব, কখনো ভাবিনি। আমি শিক্ষার্থী হলেও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছি এবং শহর ও গ্রামে শিক্ষার্থী তৈরি করছি।”

তিনি আরও বলেন, “আমার শ্রদ্ধেয় শিক্ষক মানস তালুকদার ও মনিরুল ইসলাম মুকুল স্যারের সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে।”

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে সকাল ১০টায় নজরুল স্মৃতি কেন্দ্র, বিচ্যুতিয়া বেপারি বাড়ি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।