ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা 

রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। তিনি এ ধরনের ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তমা মির্জা ক্ষোভ প্রকাশ করে লেখেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার এমনভাবে হওয়া উচিত, যাতে অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের কাজের কথা ভাবতেও ভয় পায়। তিনি আরও লেখেন, ধর্ষণকারীর পক্ষে আইনি সহায়তা ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়েও তার তীব্র আপত্তি রয়েছে।

পোস্টে তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধে তদন্ত বা অজুহাতের কোনো সুযোগ থাকা উচিত নয়। তার ভাষায়, এসব অপরাধে দ্রুততম বিচার নিশ্চিত করতে হবে এবং সময়ক্ষেপণ নয়, বরং কঠোর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

নিহত শিশু রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে তিনি সমাজের সবাইকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, রামিসা শুধু একটি নাম নয়, সে আমাদের সবার সন্তান, সবার বোন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে সোহেল রানা জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে বলে জানা যায়। পুলিশ আরও জানায়, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল বলেও স্বীকারোক্তি দিয়েছে।

এই নৃশংস ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে।