ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা 


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রধানমন্ত্রী আগমনের পূর্বপ্রস্তুতিতে সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য অগ্রগামী নিরাপত্তা দলের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

সভায় প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপি ব্যক্তিদের সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং সার্বিক সমন্বয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। মেজর আশিক বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং অগ্রগামী নিরাপত্তা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।