আহসানমারা সেতু এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩


সুনামগঞ্জ ক্রাইম রিপোর্টার,রুয়েব আহমেদ  প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
আহসানমারা সেতু এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)। আহতদের মধ্যে রয়েছেন শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের মুখলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার শিশু কন্যা লুৎফা বেগম এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)। আহতদের সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাহের মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষে লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে, একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। অল্প সময়ের ব্যবধানে একাধিক দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজন মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।