
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা-এ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালা মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হেমন্ত কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম এবং উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান মানিক।
বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। এ ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :