
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ, পিপিএম তাঁর অসামান্য কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, জুয়া দমন, ওয়ারেন্ট তামিল এবং গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নবাগত সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান শ্রেষ্ঠত্বের এই স্মারক ওসি রতন শেখের হাতে তুলে দেন।
পুরস্কার গ্রহণ শেষে ওসি রতন শেখ বলেন, এই অর্জন এককভাবে তাঁর নয়, বরং সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফল। তিনি দায়িত্ব পালনে সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদক, চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণ সবসময়ই চ্যালেঞ্জিং ছিল। তবে বর্তমান ওসির নেতৃত্বে সরকারি সম্পদ লুটপাট, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, ওসি রতন শেখের জনবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান এবং আন্তরিক আচরণ সদর থানায় ইতিবাচক পরিবর্তন এনেছে। সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করে তিনি এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মত প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :