
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা-এ তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
মঙ্গলবার (১৯ মে) সকালে সারাদেশের সঙ্গে একযোগে অনলাইনে এ মেলার উদ্বোধন করা হয়। ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার কার্যক্রম শুরু হয়। মেলায় তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমাখারিজ, মিউটেশনসহ বিভিন্ন সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জহরুল হোসেন। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল করার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার ফলে মানুষ এখন ঘরে বসেই সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ভূমি অফিসের নায়েব, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাইনুল হক মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন :