
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান সোমবার (১৮ মে) সকালে সুনামগঞ্জ জেলা সফরে আসেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত ডিআইজি-কে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স মিলনায়তনে একটি কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে মতামত তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সভা শেষে তিনি জেলার বিভিন্ন স্তরের চৌকস পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার নির্দেশনা প্রদান করেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন তিনি।
বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজির সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সফরের শেষ পর্যায়ে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।
আপনার মতামত লিখুন :