
বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে নির্মাণকাজ চলমান রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার বেশি ব্যয়ে চলমান এ প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২০২৫ সালের জুনে চুক্তি সম্পন্ন হওয়া এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২৮ মাস।
চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত গতিতে চলছে। স্থানীয়দের মতে, ফোরলেন প্রকল্প বাস্তবায়িত হলে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজ ঘিরে স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এই প্রকল্প এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে সড়কের মাটির কাজের প্রায় ৭০ শতাংশ এবং ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পে আধুনিক ডিভাইডার, শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন লাইটিং ব্যবস্থা, প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব ও টানা বৃষ্টির কারণে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ পুরোদমে এগিয়ে চলছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :