নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। প্রিয় অভিনেত্রীর মরদেহ একনজর দেখতে স্থানীয় মানুষ ও স্বজনদের ভিড় জমে। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হওয়ার পর কারিনা কায়সারের লিভার কার্যত অচল হয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ ভেলোর হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে তার মৃত্যু হয়। এর আগে গত ৮ মে রাত থেকে তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।