ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে কাদাজল মিশ্রিত গ্যাস নির্গমন, এলাকায় চাঞ্চল্য


সুনামগঞ্জ প্রতিনিধি, শফিকুল বারী প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে কাদাজল মিশ্রিত গ্যাস নির্গমন, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে যায়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষ হওয়ার পর পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল ও গ্যাসজাতীয় পদার্থ উপরে উঠতে থাকে।

প্রত্যক্ষদর্শী সেলিম মিয়া বলেন, হাওরের মাঝখানে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে, যা দেখতে আমরা সেখানে যাই।

ধর্মপাশা পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, ওই এলাকায় গ্যাসের ক্ষণির অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। তবে হঠাৎ নলকূপ থেকে এভাবে গ্যাস বের হওয়ায় বিষয়টি দেখতে তিনি ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, ডুবন্ত নলকূপ থেকে গ্যাস নির্গমনের বিষয়ে একাধিকবার জানানো হয়েছে। এর আগেও জানুয়ারিতে একই স্থানে এ ধরনের ঘটনা ঘটেছিল। তবে এটি আসলে গ্যাস নাকি অন্য কোনো পদার্থ, তা নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে তিনি জানান।