দেওয়ানগঞ্জ বাজার মালিক সমিতি নির্বাচন

উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিকল্পনায় আলোচনায় জাহিদুল ইসলাম সঞ্চয়


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিকল্পনায় আলোচনায় জাহিদুল ইসলাম সঞ্চয়

আসন্ন দেওয়ানগঞ্জ বাজার মালিক সমিতি নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচন সামনে রেখে বাজারের হোটেল গলি থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে এখন মূল আলোচনার বিষয়— কে হবেন ব্যবসায়ীদের আস্থার প্রতীক এবং কার নেতৃত্বে বাজার হবে আরও আধুনিক ও নিরাপদ।

এদিকে, দেওয়ানগঞ্জ বাজার হাইস্কুল রোডের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান সিদ্দিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম সঞ্চয় সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার প্রার্থী হওয়ার খবরে ব্যবসায়ী সমাজে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সততা, মানসম্মত পণ্য ও গ্রাহকসেবার কারণে সিদ্দিকা এন্টারপ্রাইজ অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ী মহলে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদুল ইসলাম সঞ্চয় তরুণ, কর্মঠ ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, তার দক্ষ নেতৃত্ব ও পরিকল্পনার ফলেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সফলতার পথে এগিয়ে যাচ্ছে।

সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম সঞ্চয় বলেন, “আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে। সকল ব্যবসায়ী, দোকান মালিক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ একটি আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তুলবো।”

তিনি জানান, নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে সহজ শর্তে দোকান বরাদ্দ ও ভাড়া সুবিধা নিশ্চিত করা, ক্ষুদ্র ও নতুন ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি, নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধান এবং বাজার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।

এছাড়াও বাজারের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দক্ষ নাইট গার্ড নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। একইসঙ্গে পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অভিযোগ সেল চালু, ক্রেতাদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতকরণ এবং অগ্নিনির্বাপণ ও জরুরি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন।

ব্যবসায়ী মহলের অনেকে মনে করছেন, তরুণ নেতৃত্ব, উন্নয়নমুখী চিন্তাভাবনা ও ব্যবসাবান্ধব নানা পরিকল্পনার কারণে এবারের নির্বাচনে জাহিদুল ইসলাম সঞ্চয় অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন।