
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবুল মিয়া (৬২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকাল আনুমানিক ৯টার দিকে বরদল গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং ধান ভাঙার মেশিনে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, কয়েকদিন আগে ধান কাটার শ্রমের বাবদ একই গ্রামের হাবিবুর রহমানের কাছে বাবুল মিয়ার ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল। রোববার সকালে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম পাশের জমিতে ধান কাটার কাজ করার সময় হাবিবুর রহমানের কাছে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন। ছেলেকে মারধরের ঘটনা দেখে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও আক্রমণ করা হয়। পরিবারের অভিযোগ, অভিযুক্তরা তাকে ফেলে দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :