আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি

ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৭ মে) প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ মে মামলাটির তদন্ত দায়িত্ব ডিবি পুলিশের কাছে দেওয়া হয়।

তিনি আরও জানান, মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য রোববার দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ তা আদালতে জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি সন্তান রয়েছে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে।