দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে। রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিনা খরচে তার মরদেহ দেশে আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, জানাজা শেষে সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ার নানাবাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।

জানা যায়, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়। তার মৃত্যুতে কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।