ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। এই আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লাল কার্ড কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বহিরাগত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের কিছু নেতাকর্মী এ হামলায় জড়িত ছিল। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে পুরো ডুয়েট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে ডুয়েটের একাডেমিক স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তাই তারা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও যোগ্য অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

এর আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় একই দাবি জানিয়ে অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।