কারিনার জানাজা ও দাফন কোথায়, জানালেন কায়সার হামিদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
কারিনার জানাজা ও দাফন কোথায়, জানালেন কায়সার হামিদ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার (১৭ মে) দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, ভারতের চেন্নাই থেকে কারিনার মরদেহ আজ দুপুরে দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ এবং ই সংক্রমণের কারণে কারিনার লিভার বিকল হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। এতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি মৃত্যুবরণ করেন।

কারিনা কায়সার কনটেন্ট নির্মাণের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ সিরিজ দুটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নির্মাতা এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।