
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থনৈতিক দুর্নীতিই নয়, দায়িত্ব পালনে অবহেলা ও কাজের গাফিলতিও দুর্নীতির শামিল। সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে কলমাকান্দা উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো এই কার্যক্রম চালু করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।
ডেপুটি স্পিকার বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে অনেক সময় প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার বাদ পড়ে যাচ্ছে। তিনি বলেন, “যেখানে সত্যিকারের দারিদ্র্য রয়েছে, সেসব পরিবারকে উপেক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। এজন্য তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা ও সতর্কতা নিশ্চিত করতে হবে।
কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোথাও অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফ্যামিলি কার্ডপ্রাপ্তদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, যাদের এই সহায়তা প্রয়োজন নেই তারা যেন আশপাশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :