যে ছবি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
যে ছবি মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে তার একটি বিশেষ ছবি, যা নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া।

ছবিটি প্রকাশ করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান। তিনি জানান, জীবিত থাকতেই কারিনা তাকে অনুরোধ করেছিলেন—মৃত্যুর পর যেন এই ছবিটিই প্রকাশ করা হয়।

সাদা-কালো সেই ছবিতে কারিনাকে হাসিমুখে দূরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে রুম্মান লেখেন, ছবি তোলার পর সেটি কারিনাকে পাঠানো হলে তিনি মজা করে বলেছিলেন, “আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা গেলে এই ছবিটা দিয়েন।”

কারিনার সেই কথাই এখন বাস্তবে পরিণত হওয়ায় অনেক ভক্ত ও সহকর্মী আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা যান কারিনা কায়সার। তার মৃত্যুতে পুরো বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবধর্মী কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রেও নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।