মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া নতুন গান ‘দাই দাই’। এর আগে এক মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে গানটির ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

শুক্রবার (১৫ মে) ফিফা আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, গানটি থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা দেওয়া হবে। এই অর্থ বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে। ফিফার লক্ষ্য, টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, ফাইনালের হাফ টাইম শোতে দর্শকদের মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গানের ছন্দ ও পরিবেশনা বিশ্বকাপের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন আয়োজকরা।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা নতুন নন। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থিম সং দিয়ে তিনি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপেও তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল। ফলে এবারও নতুন থিম সং নিয়ে তার প্রত্যাবর্তনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সংগীত ও ক্রীড়া বিশ্লেষকেরা।