ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৬ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের উত্তাল সময়ে কারিনা ছিলেন একটি নির্ভীক কণ্ঠস্বর, যিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন।

তিনি আরও লেখেন, কারিনা শুধু একজন অভিনেত্রীই নন, বরং তিনি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার এই সাহসী অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে।

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) মধ্যরাতে কারিনা কায়সার মারা যান। তার এই মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান।

লিভার জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর কারিনার মৃত্যুতে সহকর্মী শিল্পী ও ভক্তদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে তার কাজ ও সাহসী অবস্থানকে স্মরণ করছেন।