
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন কলেজশিক্ষার্থী মজনু মিয়া (২৩)। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় তার ছোট ভাই রাজু মিয়াও সাময়িকভাবে অজ্ঞান হয়ে পড়েন।
নিহত মজনু মিয়া স্থানীয় বাচ্চু মন্ডলের ছেলে। তিনি সরিষাবাড়ি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি এনসিপির সহযোগী সংগঠন ছাত্র শক্তি মাদারগঞ্জ উপজেলা কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই বাড়ির পেছনের জমিতে ধান কাটছিলেন। কাজ প্রায় শেষের দিকে, এমন সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যান। পাশে থাকা ছোট ভাই রাজুও ভয় ও আঘাতে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন।
রাজু মিয়া জানান, “আমরা দুই ভাই একসঙ্গে ধান কাটছিলাম। আর মাত্র কয়েক আঁটি ধান বাকি ছিল। হঠাৎ বজ্রপাত হলে ভাই মাটিতে লুটিয়ে পড়ে। ভাইকে ওই অবস্থায় দেখে আমিও পড়ে যাই। পরে বাড়ির লোকজন এসে আমাদের উদ্ধার করে।”
এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা মনজুয়ারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ছেলেকে মাস্টার্স পড়ানোর স্বপ্ন ছিল। সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল।”
ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা-এর এসআই ওয়াজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবার সূত্রে জানা গেছে, রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মজনু মিয়ার দাফন সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :