চোখের ড্রপ ৩০ দিনের বেশি ব্যবহার করলে কী হয় 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
চোখের ড্রপ ৩০ দিনের বেশি ব্যবহার করলে কী হয় 

চোখের ড্রপ হাতে থাকলেই অনেকেই মনে করেন, বোতলে ওষুধ থাকলে যতদিন খুশি ব্যবহার করা যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা চোখের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসকদের মতে, চোখের ড্রপ একবার খোলার পর সর্বোচ্চ এক মাস পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। এর বেশি সময় ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং বোতলের ভেতরে জীবাণু, ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে। এতে উপকারের বদলে চোখে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে।

চিকিৎসা বিশেষজ্ঞরা আরও জানান, প্রতিবার ব্যবহারের সময় যদি বোতলের মুখ চোখ, পাতা বা আঙুলের সংস্পর্শে আসে, তাহলে সহজেই জীবাণু ভেতরে প্রবেশ করতে পারে। সময়ের সঙ্গে সেই জীবাণুই আবার চোখে গিয়ে নতুন সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে যারা গ্লুকোমার মতো রোগে নিয়মিত চোখের ড্রপ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। দীর্ঘদিন একই বোতল ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা কমে গিয়ে চোখের চাপ ঠিকভাবে নিয়ন্ত্রণ নাও হতে পারে। এতে রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে অবস্থার অবনতি ঘটতে পারে।

চিকিৎসকরা জানান, কিছু আধুনিক চোখের ড্রপের বোতলে জীবাণু প্রবেশ কমানোর প্রযুক্তি থাকে, যা তুলনামূলকভাবে বেশি সময় নিরাপদ থাকতে সাহায্য করে। তবে কোন ওষুধ কতদিন ব্যবহার করা যাবে, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

চোখের ড্রপ ব্যবহারে কয়েকটি নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে—

  • বোতলের মুখ কখনোই চোখ, পাতা বা আঙুলে লাগানো যাবে না
  • ব্যবহারের আগে হাত ভালোভাবে ধুতে হবে
  • একাধিক ড্রপ ব্যবহার করলে প্রতিটির মাঝে কিছু সময় বিরতি রাখতে হবে
  • এবং বোতল খোলার তারিখ লিখে রাখা জরুরি

চিকিৎসকদের পরামর্শ, এক মাস পার হলে বোতলে ওষুধ থাকলেও তা আর ব্যবহার না করাই নিরাপদ। কারণ চোখে সংক্রমণ হলে তার চিকিৎসা তুলনামূলকভাবে জটিল ও ব্যয়বহুল হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চোখের যত্নে সামান্য অসচেতনতাও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে ও সঠিকভাবে ব্যবহার করাই চোখের সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।