
সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ এবং বিক্রির দায়ে পৃথকভাবে এ অর্থদণ্ড দেওয়া হয়।
গত বৃহস্পতিবার নিয়মিত তদারকির অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এবং মো. রাসেল মিয়া। কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।
অভিযান চলাকালে ট্রাফিক পয়েন্ট এলাকার সিটি ফার্মেসি এবং কালীবাড়ি মোড়ের জনতা ফার্মেসিতে সরকারি নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রতিষ্ঠান দুটি চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ এবং ইনসুলিনসহ তাপ সংবেদনশীল ওষুধ নির্ধারিত তাপমাত্রায় না রাখার অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে সংশ্লিষ্ট দুই ওষুধ বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি আরও জানান, ওষুধ বিক্রিতে অনিয়ম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এদিকে জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত হলে সাধারণ মানুষ আরও নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে।
আপনার মতামত লিখুন :