
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বলেছেন, সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
বুধবার (১৩ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে সেবা কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ রয়েছে, তবে সাধারণ মানুষ এখনও এসব সেবার ব্যাপারে সচেতন নয়। যদি আমরা সরকারি হাসপাতালকে প্রাধান্য দিই, তাহলে সাধারণ মানুষও এখানে চিকিৎসা গ্রহণে আস্থা অর্জন করবে।”
তিনি আরও জানান, সরকারি হাসপাতালে আমরা সক্রিয়ভাবে যুক্ত থাকলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। কোনো ঘাটতি বা সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করা সম্ভব হবে। এমপি কয়ছর আহমদ হাসপাতালের বাজেট ও জনবল বৃদ্ধির পাশাপাশি ডেন্টাল চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেবেন। এছাড়া তিনি উপজেলার প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে শিমুলবাঁকসহ অন্তত দুই থেকে তিনটি সাব-সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন, যা দুর্গম এলাকার মানুষদের চিকিৎসা সহজতর করবে।
উপস্থিত বক্তারা আরও জানান, শান্তিগঞ্জ-জগন্নাথপুর এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা চাইবেন।
জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান সুফি মিয়া। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :