
নেত্রকোনার কলমাকান্দায় জেলায় চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানারআপ বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমরা লুট করতে আসিনি, দেশকে দিতে এসেছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়নের নামে কেউ দুর্নীতি, দখল বা অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার বিকল্প নেই।
ডেপুটি স্পিকার বলেন, “আমি কৃষকের সন্তান, জনগণের সেবা করতেই এসেছি। আপন ভাই হলেও অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। আমার নাম ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার, দখলবাজি বা লুটপাটের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপজেলা পরিষদের এডিপি তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্থানীয় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন প্রণোদনা সামগ্রীও বিতরণ করা হয়।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তরুণদের কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কৃষকদের প্রসঙ্গ তুলে ডেপুটি স্পিকার বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকরা প্রতিকূলতার মধ্যেও দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়াবিদ, মৎস্য চাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :