মাদারগঞ্জে কোটি টাকার ডাম্পিং স্টেশন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, জনদুর্ভোগ চরমে


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
মাদারগঞ্জে কোটি টাকার ডাম্পিং স্টেশন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, জনদুর্ভোগ চরমে

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার এলাকার ফার্নিচার মোড় সংলগ্ন মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে পরিণত হয়েছে প্রায় কোটি টাকার একটি ডাম্পিং স্টেশন। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অপরিকল্পিত ব্যবস্থাপনা ও অচল অবকাঠামোর কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ–জামালপুর মহাসড়কের পাশে প্রতিদিন বাজারের বর্জ্য এনে ফেলা হচ্ছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ময়লা সেখানে ফেললেও তা প্রক্রিয়াজাত বা অপসারণ না হওয়ায় পুরো এলাকা এখন ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষ, পশুপাখি ও গাছপালার ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০২১–২২ অর্থবছরে প্রায় ৮০–৮৫ লাখ টাকায় শুভগাছা এলাকায় এই ডাম্পিং স্টেশন কাম বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান লাবনী কনস্ট্রাকশন প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করে।

তবে হস্তান্তরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এটি চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটি কার্যকর না হওয়ায় এখন তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেকে জানান, একসময় এখানে স্থানীয়রা আড্ডা দিত, কিন্তু বর্তমানে গেট তালাবদ্ধ থাকায় জায়গাটি কিছুটা নিরাপদ হলেও ভেতরে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, এমনকি ভুট্টা শুকানোর মতো কাজও চলছে।

এ বিষয়ে স্থানীয় এক বিদ্যালয়ের শিক্ষক খালেদুজ্জামান মনি তালুকদার বলেন, আগে এখানে ময়লা-আবর্জনা থাকত, কিন্তু বর্তমানে পরিষ্কার থাকায় মানুষ যাতায়াত করছে। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালু করার দাবি জানান তিনি। অন্যদিকে আব্দুর রাজ্জাক নামের স্থানীয় একজন জানান, একসময় এখানে অসামাজিক কার্যকলাপ হতো, তবে গেটে তালা দেওয়ার পর তা নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে জায়গাটি কিছুটা সুরক্ষিত।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, প্রকল্পটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে এবং এটি মূলত বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের জন্য নির্মিত হয়েছিল। কিন্তু এখনো তা চালু হয়নি।

মাদারগঞ্জ পৌরসভার প্রশাসক সুমন চৌধুরী বলেন, ডাম্পিং স্টেশনটি হস্তান্তর হলেও প্রয়োজনীয় নথিপত্র ও টেকনিক্যাল সহায়তার অভাবে এটি কার্যকর করা যায়নি। জনবল ও প্রযুক্তিগত সহায়তা না থাকায় দীর্ঘদিন ধরে এটি অকেজো পড়ে আছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত ডাম্পিং স্টেশনটি চালু করে বর্জ্য ব্যবস্থাপনা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, নইলে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।