
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই সাকিবুল ইসলাম (১৫)। সোমবার বিকেলে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে। তিনি আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আহত সাকিবুল একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারের দিকে মোটরসাইকেলে যাচ্ছিল দুই কিশোর। পথে কালাব্রিজ মোড়ে পৌঁছালে জিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরবকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত সাকিবুলকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
ইসলামপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, এত অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। বাজারে যাওয়ার পথে এমন দুর্ঘটনা ঘটবে, কেউ ভাবতেও পারেনি।
আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক জানান, নিরব অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছাত্র ছিল। তার মৃত্যুতে মাদ্রাসা পরিবার গভীরভাবে শোকাহত। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :